ডেস্ক রিপোর্ট:
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামে পারিবারিক বিরোধের জেরে ১৩ বছরের এক স্কুল ছাত্রী ও তার নানিনে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। এঘটনায় সাব্বির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার (১৮ই জুন) স্কুল থেকে বাড়ী ফেরার পথে গাজীপুরের জয়দেবপুর উপজেলার বাঘেরবাজার শিরিরচালা মিনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর দগ্ধ উপজেলার শিরিরচালা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (১৩), সে স্থানীয় হাজী নুরুল ইসলাম মডেল একাডেমির ৭ম শ্রেণীর ছাত্রী। অপরজন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের ইউনুস তালুকদারের স্ত্রী বেবী বেগম (৫৫)। বেবী বেগমের মেয়ের ঘরের নাতনি সানজিদা আক্তার।
এ ঘটনায় অভিযুক্ত সৎ ভাই নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অর্জনচর গ্রামের সুলতান ফকিরের ছেলে শুভ মিয়া (২০)। তার সঙ্গী সাব্বির (২৬) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টারবাড়ী এলাকার মৃত গোলাম মোস্তাফার ছেলে।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয় হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আছেন তারা।
দগ্ধের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানায়, দগ্ধ সানজিদার বাবা শফিকুল ইসলাম প্রথম স্ত্রী মারা গেলে মোছাঃ মনিরা বেগমকে দ্বিতীয় বিবাহ করে। মনিরা বেগমের প্রথম পক্ষের ছেলে শুভ মিয়া কিছুদিন আগে একটি মেয়েকে নিয়ে শফিকুলের বাড়ীতে উঠে। পরে দগ্ধ সানজিদা এ ঘটনাটি তার বাবা শফিকুলকে বললে, সে শুভকে বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী মনিরা বেগমও শফিকুল ইসলামের বাড়ী থেকে চলে যায়। এ ঘটনার ১০-১২দিন পর শফিকুলের দ্বিতীয় স্ত্রী মনিরা বেগম তালাকনামা পাঠিয়ে দেয়। এদিকে শফিকুল তার বাড়ীতে সন্তানদের দেখাশুনার জন্য প্রথম পক্ষের শাশুড়ি বেবী বেগমকে নিয়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করেই অভিযুক্ত সৎভাই শুভ তার সঙ্গী সাব্বিরকে নিয়ে মোটসাইকেল যোগে জনৈক শাহজাহানের বাড়ীর পশ্চিম পাশে কাঁঠাল বাগানের মধ্যে বোমা সদৃশ্য বস্তুতে পেট্রোল মিশিয়ে আগুন লাগিয়ে সানজিদা ও বেবী বেগমের উপর নিক্ষেপ করলে তারা দগ্ধ হয়।
শেখ হাসিনা বার্ন ইউনিটের জরুরী বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধ ২জনের অবস্থা আশংকাজনক। তাদের শরীর ৬০শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে মামলার অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ।




















































