রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অক্টোবরে চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল


অক্টোবরে চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের অক্টোবরে আংশিক উদ্ধোধনের পর আগামী বছর পুরোদমে চালু হবে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর। আজ মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের বলেন, ‘তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব থেকে দ্রুততম সময়ে এই প্রকল্পের কাজ শেষ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের (সফট ওপেনিং) এই জন্য প্রকল্প এলাকায় দিন রাত কাজ চলছে।’

সাংবাদিকদের উদ্দেশে মফিদুর রহমান বলেন, ‘আপনারা জানেন আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, কিন্তু আমাদের এখানে ৩-৪ হাজার শ্রমিকরা ছুটিতেও কাজ করে যাবেন। তারা শুধু মাত্র ঈদের দিন কাজ করবে না, এর পরের দিন থেকে তারা আবার কাজ শুরু করবেন। আশা করছি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সফট উদ্বোধন করা হবে।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা অক্টোবরের আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করতে চাই। আশা করি, সময়ের আগে কাজ শেষ হবে। এখন পর্যন্ত প্রকল্পের ৭৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। অক্টোবর মাসে সফট উদ্বোধন হলেও এই টার্মিনাল পুরোপুরি ফাংশনাল হবে ২০২৪ সালে।’

২০১৭ সালের ২৪ অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটির অনুমোদন দেয় একনেক। নির্মাণ কাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বৃহৎ এই থার্ড টার্মিনাল প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে অবশ্য প্রকল্প ব্যয় ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়ানো হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করছে স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন।

৫ লাখ ৪২ হাজার বর্গমিটারের এ টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ রাখার অ্যাপ্রোন (প্লেন পার্ক করার জায়গা) করা হয়েছে। তবে এ টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন হবে মডার্ন টার্মিনাল বিল্ডিং। দুই লাখ ৩০ হাজার স্কয়ার মিটারের বিল্ডিংয়ের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি