রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা: আইসিসি


বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা: আইসিসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২৩

স্পোর্টস ডেস্ক:

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। কিন্তু বিশ্বকাপ শুরুর তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশ জাতীয় দলের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি তাদের ওয়েবসাইটে ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিং ভিডিও আপলোড করে প্রতিবেদনে এমন মন্তব্য করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন শতভাগ ফিট নন, তবুও প্রথম ওয়ানডে ম্যাচটি খেলতে চান তিনি। এরপর তার নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিভেজা প্রথম ওয়ানডে ম্যাচ ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন ড্যাশিং এই ওপেনার। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

কান্না জড়িত কন্ঠে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আমার জন্য এটাই শেষ। আমি আমার সেরাটা দিয়েছি। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এই মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি।’

সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়ে তামিম আরও বলেন, ‘আমি আমার সকল সতীর্থ, কোচ, বিসিবি কর্মকর্তা, আমার পরিবারের সদস্য এবং যারা আমার দীর্ঘ যাত্রায় সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আস্থা রেখেছেন তারা।’

ভক্তদের ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘আমি ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস আমাকে বাংলাদেশের জন্য সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আপনাদের দোয়া চাই। অনুগ্রহ করে আপনারদের প্রার্থনায় রাখুন।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এখনও ওয়ানডেতে তামিমের উত্তরসূরি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি