রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সংশোধিত আরপিও’র গেজেট প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) ভোট বন্ধের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের আপত্তির মুখেও বিলটি পাস হয়।

আজ সোমবার গণমাধ্যমে সংশোধিত আরপিও’র গেজেট এসে পৌঁছেছে।

এর আগে বিরোধী দলের বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়। পরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) বিল-২০২৩’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিরোধী দল দাবি করেছিল, এ সংশোধনীর মাধ‌্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে ওই দাবি নাকচ করে বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি। বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

আরপিওর সংশোধনী অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করার পর কোনো আসনের পুরো ফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি। যেসব ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আসবে, শুধু সেসব (এক বা একাধিক) ভোটকেন্দ্রের ফল স্থগিত করতে পারবে। এরপর তদন্ত সাপেক্ষে ফলাফল বাতিল করে সেসব কেন্দ্রে নতুন নির্বাচন দিতে পারবে ইসি।

আরও পড়ুন: আরপিও সংশোধনী বিল পাস হলে ইসির ক্ষমতা আরও খর্ব হবে

সংবিধান অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন আভাস দিয়েছে, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারি মাসের শুরুতে সংসদ নির্বাচন হবে। এর আগে আরপিওতে সংশোধনী আনা হলো।

আরও পড়ুন: আরপিও সংশোধন নিয়ে অবশেষে মুখ খুলতে রাজি সিইসি

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিলের গেজেট পাস হলেই মতামত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি