বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চিকিৎসা নিতে ইংল্যান্ড যাবেন তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০২৩

স্পোর্টস ডেস্ক:

বেশ কিছু দিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তাই চিকিৎসা করাতে ইংল্যান্ড সফরে যাবেন বাংলাদেশ দলের এই ওয়ানডে অধিনায়ক।

৩১ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্টের আগে নিজেকে শতভাগ ফিট করতে চিকিৎসকের পরামর্শ নিতে ইংল্যান্ড সফরে যাবেন তামিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, চিকিৎসা নিতে ইংল্যান্ড যাবেন তামিম ইকবাল।

মঙ্গলবার চট্টগ্রামে সংবাদমাধ্যমকে বিসিবির এই পরিচালক বলেন, তামিম দুবাই যাচ্ছে, সেখান থেকে ২৫ বা ২৬ তারিখে যুক্তরাজ্য যাবে। লন্ডনে দুটি মেডিকেল সেন্টারে তার সঙ্গে এপয়েন্টমেন্ট হয়েছে, ডাক্তার দেখাবে। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে আমাকে আপডেট জানাবে।

তিনি আরও বলেন, আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড হবে। এজন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারব সে কবে জয়েন করবে।

বিসিবির এই পরিচালক আরও বলেন, তামিম আগে ফিরে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে আমি চিকিৎসা করিয়ে আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি