শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিবন্ধনে প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত নতুন ২ দল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নতুন রাজনৈতিক দল হিসেবে ২টি দলকে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দল দুটি হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)।

রবিবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ বিষয়ে আগামীকাল সোমবার (১৭ জুলাই) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

২৬ জুলাইয়ের মধ্যে কারো কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। দলগুলোর বিষয়ে ধাপে ধাপে যাচাই বাছাই করা হয়েছে জানিয়ে জাহাংগীর আলম বলেন, ‘মাঠ পর্যায়ে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা এগুলো সব যাচাই করেছি।’

পুনরায় যাচাই করে এই দুটি দলের আইন অনুযায়ী সবকিছু থাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘এরপরই চূড়ান্ত হবে যে, কারা কারা নিবন্ধন পাবে। বাকি ১০টি দল যে তথ্য দিয়েছে মাঠ পর্যায়ে যাচাই করে গড়মিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে।’

নিবন্ধন পাওয়ার দৌড়ে বাদ পড়া ১০ দল: এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ-অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

ইসির নিবন্ধন পেতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করলেও তিন দফার ছাঁকুনি শেষে গত ১১ এপ্রিল প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২টি দলের তালিকা প্রকাশ করেছিল আউয়াল কমিশন। এবার মাত্র ২টি দল টিকলো। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে কমিশন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি