সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপির আন্দোলনে কোনো বাধা নেই, মামলা দেয়া হয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে: স্বরাষ্ট্রমন্ত্রী


বিএনপির আন্দোলনে কোনো বাধা নেই, মামলা দেয়া হয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে: স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির আন্দোলনে বাধা সৃষ্টি করে না পুলিশ। মামলা দেয়া হয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে। রোববার (২৩ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪০ বছর পূর্তি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত র‌্যালিপরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিএনপিসহ বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই স্বাভাবিক।’

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত তাদের যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ তাদের কোথাও কোনো ধরনের বাধা দিচ্ছে না। প্রধানমন্ত্রীর সব সময় বলেন, তিনি এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। যখন রাজনৈতিক চর্চা ঠিক থাকবে তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। পুলিশ তাদের (বিএনপি) কোনো কাজে কখনো বাধা দিচ্ছে না।’

এদিকে সকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপির আন্দোলন, সমাবেশ দমাতে সরকারের নতুন হাতিয়ার ইন্টারনেট শাট ডাউন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা। বিএনপির কর্মসূচির দিনগুলোতে বার বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার।

এই প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, সমাবেশে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার যে অভিযোগ বিএনপি নেতারা করছেন তা বানোয়াট।

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতার আহবান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি