শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ বছরে সড়কে প্রাণহানি ৩৯ হাজার ৫২২ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

গত পাঁচ বছরে দেশের সড়ক ও মহাসড়কে ২৮ হাজার ২৯৯টি দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত এবং ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছেন। এর মধ্যে হতাহত হয়েছেন ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী। গতকাল শুক্রবার নিরাপদ সড়কের দাবিতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের পাঁচ বছর পূতি উপলক্ষ্যে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৮ সালের ২৯ জুলাই তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনি ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার করলেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সব দাবিদাওয়া যৌক্তিক। সরকার দাবিগুলো মেনে নিলেও এর কোনোটি বিগত পাঁচ বছরে বাস্তবায়ন হয়নি। ফলে সড়কে প্রতিদিন অসংখ্য তাজা প্রাণ ঝরছে। সড়কের বিশৃঙ্খলায় যানজটে আটকে পড়ে মানুষের হাজারো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সরকারের পরিকল্পনার গলদে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় যানবাহন ও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে যানজট ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও নানা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যউপাত্ত দিয়ে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমছে বলে জাহির করে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ করা হলেও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নানা বাধা ও পুরোনো পদ্ধতিতে এই আইন প্রয়োগের ফলে এই সেক্টরে কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি