সোমবার,১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে রেস্তোরাঁ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০২৩


ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সেনবাগে মহিন উদ্দিন (৪৫) নামে এক রেস্তোরাঁ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নিহত মহিন উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিণকাটা গ্রামের ফকির বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

আজ সোমবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মহিন চট্রগ্রামে নিজের রেস্তোরাঁ চালাতেন। গত ৩-৪ দিন আগে তিনি চট্রগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। গতকাল রোববার রাত ১১টার দিকে তিনি মুঠোফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হন। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন স্বামী ঘরে নেই। এরপর তিনি ঘরের সামনে গিয়ে দেখেন স্বামী গুরুত্বর আহত অবস্থায় কাতরাচ্ছেন। পরে তার চিৎকারে বাড়ির লোকজন এসে মহিনকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক না থাকায় তাকে আরেকটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে তাকে নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, নিহতের শরীরে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি