ডেস্ক রিপোর্টঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। তাদের নজরে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।
আজ শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা মিলনায়তনে উপজেলায় এলজিইডি বাস্তবায়িত ১২টি প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ প্রমুখ।
আব্দুল মোমেন বলেন, ‘একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। ধনী দেশগুলো যেমন চীনের উন্নয়ন সহ্য করতে পারে না, তেমনি তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।’
তিনি আরো বলেন, ‘সিলেট সদর উপজেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রায় ১৮৯ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যে তিন শতাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।’
কিছু প্রকল্পে কাজের ধীরগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আল্লাহর ওয়াস্তে কাজ শেষ করুন। ১২ কিলোমিটার বাদাঘাট-বাইপাস সড়ক নির্মাণে ১৩ বছর কেন লাগবে?’ অসমাপ্ত প্রকল্পগুলো আগামী নির্বাচনের আগেই শেষ করতে তিনি প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিনিসপত্রের দাম কেবল অভাবের কারণেই বাড়ে না। বিভিন্ন কারণে বিশেষ করে মধ্যসত্ত্বভোগীদের কারণেও বাড়ে। তাই কোনো জমি যাতে পতিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটা মরিচের গাছ লাগালে পরিবারের মরিচের চাহিদা মেটানো যায়। এসব ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।
’
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর একটা নির্বাচন হবে।’























































