স্পোর্টস ডেস্ক:
বিদেশ থেকে ৬৪ বোতল মদ নিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার। যে অপরাধে এরই মধ্যে তাদের সাময়িক নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস। এই ৫ ফুটবলারের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান।
৫ ফুটবলার এই ন্যাক্কারজনক ঘটনায় আগের দিনই মুখ খুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি চরম হতাশার কথা জানিয়েছিলেন।
আজ (বুধবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত হলো ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় ওঠে ৫ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।
মিটিং শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। সেখানে এক প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন জানালেন, এবার হয়তো এই ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ হতে যাচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘ভাবতেও পারছি না যে তারা এমন কাণ্ড করতে পারে। আমি মনে করি, তাদের জাতীয় দলে নেওয়া উচিত নয়। কোচের সঙ্গেও কথা হয়েছে। তিনিও সম্ভবত দলে নিচ্ছেন না এই ৫ ফুটবলারকে।’


















































