শুক্রবার,১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই বছরের অপেক্ষার অবসান, উচ্ছ্বসিত পরীমণি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০২৩

বিনোদন ডেস্ক:

দ্বিতীয় ইনিংসে ফেরার জন্য মুখিয়ে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। অবশেষে দুই বছর পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের মুখোমুখি হলেন এই নায়িকা। আজ রবিবার দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প- Story of Dodo’ সিনেমায় অংশ নিয়েছেন তিনি।

উচ্ছ্বসিত পরী বলেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। “ডোডোর গল্প” হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে আমাকে দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিমসহ অনেকে। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। আর চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।

এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতি পর আবারও চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি