বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার মুরাদনগরে বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ দোকানের পেছনের সবজি বাগান থেকে সাদির মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের পাহারাদার কবির ব্যবসায়ী সাদির মিয়ার দোকানের পিছনে থাকা সবজি বাগানে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে মুরাদনগর থানায় খবর দেয়।

নিহতের ছেলে সালাউদ্দিন জানান, তার পিতা নেয়ামতকান্দি বাজারে ৪০বছর ধরে মুদিমালের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি দোকানে গিয়েছিলেন। সবসময় এশার নামাজের আগে দোকান বন্ধ করে তার বাবা বাড়ি চলে আসলেও মঙ্গলবার আর ফিরে আসেননি।

বাজারে অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার কিছু আগে তারা দোকানের পিছনে তার বাবার লাশ পাওয়ার খবরটি জানতে পারেন। তার মৃত্যুর কারণ উদঘাটনের জন্য প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি