ডেস্ক রিপোর্ট:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীদুল ইসলাম। আকন্দের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১১ অক্টোবর উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মী বিক্ষোভ করেন। তারা উত্তরায় জসিম উদ্দিন সড়কে ৬ জন শিল্পীসহ মোট ৯ জনকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে ব্যাপক পুলিশি তৎপরতা বুঝতে পেরে আটক আসামিরাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের প্রতি লক্ষ্য করে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তাদের হাতে থাকা লাঠি দিয়ে পুলিশকে আঘাত করেন।
এছাড়া তাদের নিক্ষিপ্ত ইট-পাটকেল ও লাঠির আঘাতে পুলিশ সদস্য আহত হন। পরে নিজের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়।


























































