রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হচ্ছে সালমান-আনিসুলকে


ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হচ্ছে সালমান-আনিসুলকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২৪

ডেস্ক রিপোর্ট:

আদালতে নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় পুলিশের প্রিজন ভ্যানে তাদের দুজনকে আদালতে নেওয়া হচ্ছে।

রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় তাদের ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকাল রাতে দুজনকে নেওয়া হয় রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে।

ডিবি কার্যালয়ের একটি সূত্র জানায়, রাতে ডিবি কার্যালয়ের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। দেশের ধনকুবের ও সাবেক আইনমন্ত্রীর জন্য সেখানে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। সাধারণ আসামিদের মতোই তাদের জন্য খাবার পরিবেশন করা হয়।

ডিবি কার্যালয়ে ভিআইপি আসামির জন্য অনেক সময় বিশেষ ব্যবস্থা করা হয়। খাবার পাঠানো হয় বাসা থেকে। রাতে ঘুমানোর জন্য সরবরাহ করা হয় বিছানা। কিন্তু সালমান এফ রহমান ও আনিসুল হকের জন্য এমনটা করা হয়নি বলে জানা গেছে। সাধারণ আসামিদের মতো সেখানে মেঝেতে ঘুমাতে হয়েছে তাদের। গত রাতে সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিবিতে আনার পর সেখানে যান ডিএমপি কমিশনার।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ছাত্র ও অপরজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। ওই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি