বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আমরাও দুর্গোৎসব করি, এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা


আমরাও দুর্গোৎসব করি, এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২৪

আমরাও দুর্গোৎসব করি

আমরাও দুর্গোৎসব করি, এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না

ডেস্ক রিপোর্টঃ

এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ অন্যান্য নাগরিকদের ইলিশ মাছ খাওয়ার সুযোগ নিশ্চিত করতে ভারতের চেয়ে দেশের জনগণকে প্রাধান্য দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুঃখিত, কিন্তু এবার আমরা ভারতে ইলিশ পাঠাতে পারব না। ইলিশ একটি দামি মাছ। আমাদের দেশের মানুষই ঠিকভাবে ইলিশ খেতে পারেন না, কারণ অধিকাংশ ইলিশ ভারতে পাঠানো হয়। যেগুলো দেশে থাকে সেগুলোর দাম অনেক বেশি। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের দেশের জনগণও ইলিশ উপভোগ করতে পারে।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার এ মন্তব্য করেন।

বন্ধুত্বের নিদর্শন হিসেবে, পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার সময় ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। তবে ফরিদা আখতার তার এই উদ্যোগের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভারতে ইলিশ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ভালো সম্পর্কের কথা বলে ইলিশ পাঠানো ঠিক হয়নি। এতে দেশের মানুষের চাহিদাকে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারত ইলিশ নিয়ে কোনো ইস্যু সৃষ্টি না করলেও চলবে। যদি তারা সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তাদের তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান করা উচিত।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি