
নগদ অর্থ, ঢেউটিন ও ধানের চারা বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনী
কুমিল্লার চৌদ্দগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন ও ধানের চারা বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে, উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর ও জামমুড়া গ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে ব্রি-২২ (নাবিজাত) ১৫ বিঘা জমির ধানের চারা, সার এবং পরিচর্যার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত আছিয়া বেগমের ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার, এএফডব্লিউসি পিএসসি, ২৩ বীরের অধিনায়ক লে: কর্নেল মো: মাহমুদুল হাসান পিএসসি, ৪৪ পদাতিক ব্রিগেডের বিএম মেজর কাজী গোলাম শাহাদাৎ হোসেন, চৌদ্দগ্রাম ক্যাম্পের কমান্ডার মেজর মো: মাহিন আলম ও লে: তাইজুল ইসলাম জিহাদ উপস্থিত থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলিমা মরিয়ম মৌ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেন মজুমদার এবং উপ-সহকারী কর্মকর্তা বিজন কুমার দেব প্রমুখ।
















































