ভাইরাসে আক্রান্ত রোনালদো ছিটকে গেছেন এএফসির ম্যাচে
ক্রিস্টিয়ানো রোনালদো ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার ফলে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। আল নাস্র ক্লাব কর্তৃপক্ষ গতকাল সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ‘আমাদের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো অসুস্থবোধ করছেন এবং তার শরীরে ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।’
আল নাস্রের চিকিৎসক জানিয়েছেন, রোনালদোর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। এজন্য তিনি দলের সঙ্গে ইরাক সফরে যাবেন না। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবার থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট নামে প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার রাতে বাগদাদের আল মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে আল নাস্র তাদের প্রথম ম্যাচে আল শর্তার বিপক্ষে মাঠে নামবে।

















































