আনসার বাহিনীকে দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে পুনর্গঠন ও আধুনিকায়নের মাধ্যমে দক্ষ, পেশাদার ও সুসংগঠিত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ উদ্দেশ্যে যা প্রয়োজনীয়, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হবে।
বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচের (পুরুষ) রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি সংকটময় পরিস্থিতিতে আনসার বাহিনী গভীর দেশপ্রেমের সাথে এগিয়ে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বাহিনী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং কূটনৈতিক এলাকার সুরক্ষায়ও বিশেষ অবদান রেখে চলেছে।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে আনসার বাহিনী দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়ন ডিএমপির থানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় অতিথি ভবনসহ বিভিন্ন স্থাপনায় আনসার বাহিনী দায়িত্ব পালন করছে। তিনি বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।
উপদেষ্টা আরও বলেন, গ্রাম পর্যায়ে ছড়িয়ে থাকা ভিডিপি সদস্যরা সম্প্রতি সামাজিক নিরাপত্তা সংকট মোকাবিলায় বিশেষ ভূমিকা রেখেছে। তারা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করেছে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভিডিপি সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিরাপত্তায় আরও বেশি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

















































