শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে বালুবাহী ট্রাকচাপায় প্রবাস ফেরত যুবক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০২৪

নাঙ্গলকোটে বালুবাহী ট্রাকচাপায়নাঙ্গলকোটে বালুবাহী ট্রাকচাপায় প্রবাস ফেরত যুবক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে বালুবাহী ট্রাকের চাপায় আলমগীর হোসেন (৩১) নামে প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের বাঙ্গড্ডা মধ্য বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং বাহরাইন প্রবাসী ছিলেন। তার পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে, যার নাম আনিসা আক্তার। প্রায় এক মাস আগে তিনি বাহরাইন থেকে ছুটিতে দেশে ফেরেন। স্থানীয় জনগণ দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক হেলাল (৪০)কে আটক করেছে। চালক চৌদ্দগ্রাম উপজেলার চানকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আলমগীর মোটরসাইকেল চালিয়ে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের বাঙ্গড্ডা বাজারে প্রবেশ করেন। এ সময় লাকসাম থেকে চৌদ্দগ্রামের দিকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও চালককে আটক করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই নিহতের পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি