শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: তিন ছাত্রলীগ কর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০২৪

যুবককে পিটিয়েঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: তিন ছাত্রলীগ কর্মী আটক

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম জালাল, যিনি হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলেন। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে তোফাজ্জল নামে এক যুবক ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের গেস্ট রুমে নিয়ে যান। মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তোফাজ্জল নিজের পরিচয় দেন। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে খাবার খাওয়ানো হয়। এরপর আবার হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে মারধর করা হয়, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে বিষয়টি জানানো হয় এবং তাদের সহায়তায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাত পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি