যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চায়, তাদের হাত ভেঙে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের হাত ভেঙে দেব।’
শনিবার দুপুরে রাঙামাটিতে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করব। আইনশৃঙ্খলা উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।’
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘ঢাকার দেয়ালে দেয়ালে সম্প্রীতির বার্তা লেখা গ্রাফিতি দেখা গেছে, আমরা একই ধরনের সম্প্রীতির বার্তা পার্বত্য এলাকায়ও দেখতে চাই। আমাদের সমাজে সম্প্রীতি বজায় রাখা জরুরি, তবে কোথাও যেন ছন্দপতন হচ্ছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

















































