
সিলেটে বজ্রপাতে একইদিনে ৫ জনের মৃত্যু
সিলেটে বজ্রপাতে একইদিনে ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ও বিকালে সিলেটের ৩ উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
জানা গেছে, দুপুরের দিকে জৈন্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন মারা যান। তারা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৬) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)। বজ্রপাতের সময় নাহিদ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন আর আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান ২ জন। তাদের একজন আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮)। মারা যাওয়া অপর ব্যক্তি কানাইঘাট পৌরসভার বাসিন্দা। তার নাম নূর উদ্দিন (৬০) এবং তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত দুজনই বাসার বাইরে কাজ করছিলেন।একই দিনে বজ্রপাতে মারা যান গোয়াইনঘাটের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭)।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
















































