যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারেযেসব অঞ্চলেবজ্রসহ বৃষ্টি ঝরতে পারে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দুই বিভাগের কিছু জায়গায় আজ ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনেও দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুকের তথ্য অনুযায়ী, সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়, এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে, এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এই সময়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের সব বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।





















































