শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছরের নিচে চান ৫৩ শতাংশ নাগরিক


অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছরের নিচে চান ৫৩ শতাংশ নাগরিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২৪

মেয়াদ ২ বছরেরঅন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছরের নিচে চান ৫৩ শতাংশ নাগরিক

ডেস্ক রিপোর্ট:

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) পরিচালিত এক জরিপে উঠে এসেছে যে, বাংলাদেশের ৫৩ শতাংশ ভোটার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত বলে মনে করেন।

গত বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘জাতীয় জরিপ ২০২৪: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি ৯ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগের ১৭টি জেলায় ১৮৬৯ জনের ওপর পরিচালিত হয়।

জরিপে দেখা যায়, উত্তরদাতাদের মধ্যে ৬৩ শতাংশই মধ্যবয়সী (২৮ থেকে ৫০ বছর বয়সের), ২২ শতাংশ ছিলেন জেনারেশন জেড (১৮-২৭ বছর বয়সী) এবং ১৪ শতাংশের বয়স ৫০ বছরের উপরে। শহরাঞ্চলের ৫৪ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৪৬ শতাংশ নাগরিক এই জরিপে অংশগ্রহণ করেন।

ফলাফলে দেখা যায়, ৫৩ শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত, যেখানে ৪৭ শতাংশ মনে করেন এই সরকারের মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়া প্রয়োজন। এছাড়া, ৫৪ শতাংশ উত্তরদাতা মূলধারার রাজনীতিতে তাদের আগ্রহ প্রকাশ করেছেন, তবে ৪৬ শতাংশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত ছিলেন।

জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ৯৬ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার পক্ষে মত দিয়েছেন। এছাড়া, সংবিধানের উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন ৪৬ শতাংশ উত্তরদাতা, ৩৫ শতাংশ মনে করেন ছোটখাটো সংস্কার যথেষ্ট, ১৬ শতাংশ সম্পূর্ণ নতুন সংবিধানের পক্ষে মত দেন, এবং ৩ শতাংশ কোনো পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন।

জরিপে নাগরিকদের মধ্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সাধারণত সন্তুষ্টি প্রকাশ পেয়েছে, বিশেষ করে বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে। তবে তারা বাংলাদেশ পুলিশ, শিক্ষা, রাজনৈতিক এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি