দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: কর্নেল রেজাউল কবির
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি।
সোমবার (৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাধীন শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির, বেলতলী শিব মন্দির কর্মকার পাড়া, ছাত্র বন্ধু ক্লাব শাহা পাড়া এবং নয়নপুর পশ্চিমপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার বিষয়টি তদারকি করতে পরিদর্শন করেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির।
সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির বলেন, শারদীর দুর্গাপূজা যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিবে। তাছাড়া কুমিল্লায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০-বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত ২৮টি পূজা মন্ডপে ০৪ প্লাটুন বিজিবি সদস্য পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।
এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহবান জানান। আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন।
পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরাচালানোর বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত প্লাটুন কমান্ডার, কসবা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার রায়সহ পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















































