ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে করা আরেক মামলায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।
বেলা সাড়ে ১১টায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে থাকা বেঞ্চে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল হত্যা, গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা এবং পিলখানা হত্যার বিবরণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি শেখ হাসিনাসহ মোট ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে।






















































