শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: পরিবেশ উপদেষ্টা


বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: পরিবেশ উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২৪

বৈষম্যহীন রাষ্ট্রবৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা যথেষ্ট নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই লক্ষ্য অর্জনের জন্য নাগরিক সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সংস্কারে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন আনতে হবে। সরকারের কোনও উদ্যোগে ঘাটতি থাকলে তা প্রকাশ্যে তুলে ধরতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার এবং বিভিন্ন কমিশন বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হচ্ছে এবং বিভিন্ন আন্দোলনের নেতৃত্বদানকারীদের সঙ্গে কথোপকথন করা হচ্ছে। সরকারের প্রতি আস্থা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে প্রচলিত সরকারের থেকে ভিন্নভাবে সবকিছু পরিচালিত হচ্ছে।

আজ রাজধানীর লেকশোর হোটেলে সিএসও অ্যালায়েন্সের আয়োজনে “নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় তিনি তার বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, নাগরিক সমাজ এবং বেসরকারি সংস্থার অবদান রাষ্ট্রে অপরিসীম। আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। জিএনসিসি নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী কেবিনেটে এ বিষয়ে আলোচনা করা হবে। বেসরকারি সংস্থাগুলোকেও আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে এবং এনজিও ব্যুরোর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমাদের সকলকে সম্মিলিতভাবে এবং সংহতভাবে কাজ করতে হবে। নাগরিক সমাজ এবং এনজিওদের নিজেদের অগ্রাধিকার নির্ধারণ করে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিএসও অ্যালায়েন্সের উপদেষ্টা কমিটির সদস্য ড. হোসেন জিল্লুর রহমান; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান; সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম; এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার (এনজিও) গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশগ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি