স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা
ভারতের পর্যটক ভিসা স্বাভাবিক হচ্ছে না, এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
রোববার (২০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে। আমাদের জনবল সীমিত থাকায় ভিসার কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে পর্যটক ভিসা দেওয়া শুরু করা যাবে। তবে বর্তমানে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন করছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা চাই না এ ধরনের ভ্রমণে কেউ কোনো সমস্যার সম্মুখীন হোক। তাই আমরা যতটা সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। এ ছাড়া ফরেন অফিস কনসালটেশন (এফওসি) নিয়েও আলোচনা চলছে।























































