বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবকে আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য সৌদি আরবকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ অক্টোবর) ঢাকায় সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান তার তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার উপযুক্ত সময়।
প্রধান উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বিশেষ ও অনন্য হিসেবে উল্লেখ করেন। তিনি সৌদি আরবকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও তারল্য সহায়তা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি তিনি এটিকে “অন্তর্বর্তী সরকারের জন্য একটি চমৎকার অঙ্গীকার” হিসেবেও আখ্যা দেন।
অধ্যাপক ইউনূস সৌদি আরবকে সহজ শর্তে জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী সৌদি আরবে পাঠানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্য লাভজনক হবে।
এ সময় সৌদি রাষ্ট্রদূত আল দুহাইলান বাংলাদেশি প্রবাসীদের দক্ষতা ও অবদানের প্রশংসা করেন এবং বলেন, যদি তাদের দক্ষতা আরও বাড়ানো যায়, তাহলে তারা ভালো বেতন পাবেন এবং দেশে অধিক রেমিটেন্স পাঠাতে সক্ষম হবেন। বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন, যারা প্রতি বছর বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়ে থাকেন।
রাষ্ট্রদূত আরও জানান, সৌদি আরব প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা প্রদান করে যা বাংলাদেশি অভিবাসী এবং হজযাত্রীদের জন্য বরাদ্দ। ২০২৩ সালে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি সৌদি আরবে ওমরাহ পালন করেছেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আলোচনায় রাষ্ট্রদূত আল দুহাইলান মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং সৌদি কোম্পানি আকওয়া পাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এই বিনিয়োগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহযোগিতা চান।
তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সৌদি জাতীয় দিবসের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন। রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং বাংলাদেশ সরকারকে সহায়তা দিতে প্রস্তুত। সৌজন্য সাক্ষাতের শেষে তিনি প্রধান উপদেষ্টাকে পবিত্র আল-কোরআন এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির একটি রেপ্লিকা উপহার দেন।


















































