শনিবার,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের শীর্ষ কোম্পানিগুলি


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের শীর্ষ কোম্পানিগুলি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২৪

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের শীর্ষ কোম্পানিগুলি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে লজিস্টিকস, বন্দর, বিমান চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একইসঙ্গে, অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ইউএই আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশির মুক্তির জন্য ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “এটি একটি অসাধারণ উদ্যোগ। পুরো জাতি এতে খুবই খুশি হয়েছে। প্রায় ১০ লাখ বাংলাদেশি অভিবাসীকে কাজ করার সুযোগ দিয়েছে ইউএই সরকার। এজন্য আমি দেশটির সরকারকে ধন্যবাদ জানাই।”

রাষ্ট্রদূত আল হামুদি বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের ব্যবসাবান্ধব নীতি এবং সংস্কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউএই বাংলাদেশের পাশে থাকবে। বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি পোর্টস চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী, যা বাংলাদেশের বৈশ্বিক রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধি করতে সহায়তা করবে।”

রাষ্ট্রদূত আরও বলেন, “ইউএইর আরেকটি শীর্ষ প্রতিষ্ঠান মাসদারও নবায়নযোগ্য জ্বালানি খাতে, বিশেষত ভাসমান সৌর প্রকল্পে বিনিয়োগে আগ্রহী। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়ায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে।”

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, “বাংলাদেশ সরকার ইতোমধ্যে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করেছে। আমি আশা করছি ইউএই বিনিয়োগ আরও বাড়বে এবং আমিরাতের আরো বেশিসংখ্যক ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি