আমাদের এজেন্ডা ব্যক্তিগত নয়, দেশের স্বার্থ: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেওয়া হলেও দুঃখজনকভাবে আমরা এখনও সেভাবে ডিজিটালাইজড হতে পারিনি। প্রকৃত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে কোনো লক্ষ্যেই পৌঁছানো সম্ভব নয়।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আরও জানান, আমাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা তিনটি পরিকল্পনা হাতে নিয়েছি, যার মধ্যে রয়েছে মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর মধ্যে মধ্যমেয়াদী পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা এমন ব্যবস্থা রাখবো যেন পরবর্তী সরকার এসে এসব প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে পারে। তিনি বলেন, দেশে আয় বৈষম্যের তুলনায় সম্পদের বৈষম্য বেশি। আমরা বেশিরভাগ সেবা অটোমেটেড করার চেষ্টা করছি। তবে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা সত্ত্বেও এখনও সত্যিকার অর্থে ডিজিটালাইজেশন সম্ভব হয়নি। যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে এটি সম্ভব নয়।
অর্থ উপদেষ্টা আরও বলেন, এখন আমাদের সিদ্ধান্তগুলো দ্রুত গ্রহণ করা হচ্ছে। তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া মানে তা ভাবনাহীন সিদ্ধান্ত নয়। ভাবনা-চিন্তা করেই তা দ্রুত নেওয়া হয়। উদাহরণ হিসেবে, আমরা খাদ্যদ্রব্যের মূল্য কমানো, শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত দ্রুত নিতে পারি, যা আগে সময়সাপেক্ষ ছিল। কিছু রাজনৈতিক প্রভাব থাকলেও সেগুলো মোকাবিলা করে আমরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।
তিনি আরও উল্লেখ করেন, আমরা এমন একটি ফুটপ্রিন্ট রেখে যেতে চাই যা ভবিষ্যতের সরকার বাস্তবায়ন করতে পারে এবং জনগণ এতে সন্তুষ্ট হয়। জনগণ যেন পরবর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারে, যাতে তারা এই কার্যক্রমগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করে।
বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।


















































