বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ওষুধ কোম্পানিগুলোকেও পুনর্গঠনের কথা বলেছেন।
আজ বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ জলবায়ু সম্মেলনের একটি পার্শ্ব ইভেন্টে স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জলবায়ু সম্মেলনে বক্তৃতাকালে ড. ইউনূস বলেন, “পরিবেশের সুরক্ষার জন্য আমাদের এক নতুন জীবনধারা প্রয়োজন। এটি আরোপ করা হবে না, বরং হবে আমাদের স্বতঃসিদ্ধ পছন্দ। তরুণ প্রজন্ম তাদের নিজস্ব জীবনধারা হিসেবে এ নতুন জীবনকে গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, “প্রতিটি তরুণ নিজেকে ‘তিন শূন্য’ বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। শূন্য নিট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মুনাফা (শুধুমাত্র সামাজিক ব্যবসার মাধ্যমে), এবং শূন্য বেকারত্ব অর্জনের মাধ্যমে তারা উদ্যোক্তা হয়ে উঠবে। প্রত্যেক ব্যক্তি জীবনের প্রতিটি পর্যায়ে এই তিনটি বৈশিষ্ট্য ধারণ করবে এবং এর মাধ্যমে এক নতুন সভ্যতার সূচনা হবে।”
সম্মেলনের সভাপতির উদ্দেশ্যে বক্তৃতায় ড. ইউনূস বলেন, “জলবায়ু সংকটকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখার অনুমতি চাই। এই দৃষ্টিকোণ কেবল বিপর্যয় মোকাবিলার দিকেই নয়, বরং ভবিষ্যতের ধ্বংস রোধের পথে নিয়ে যাবে। এটি আমাদের সামনে একটি বৃহৎ লক্ষ্য স্থির করবে এবং নতুন প্রশ্নের জন্ম দেবে।”
তিনি বলেন, “আমি আপনাদের সহানুভূতি চাই, যাতে আমি আমার বহুদিনের স্বপ্ন শেয়ার করতে পারি, যেখানে একটি নতুন ‘তিন শূন্য’ বিশ্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”
















































