শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ২২ দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’, বিশ্বজুড়ে দর্শকের হৃদয় জয়ের আশা


২২ দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’, বিশ্বজুড়ে দর্শকের হৃদয় জয়ের আশা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০২৪

২২ দেশে মুক্তি পাচ্ছে২২ দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’, বিশ্বজুড়ে দর্শকের হৃদয় জয়ের আশা

ডেস্ক রিপোর্ট:

আজ মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’। প্যান ইন্ডিয়া ধাঁচের এই সিনেমাটি শুধুমাত্র বাংলাদেশেই নয়, মুক্তি পাচ্ছে বিশ্বের প্রায় ২২টি দেশের ২৫৭টি প্রেক্ষাগৃহে। বাংলাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও চলচ্চিত্রের টানাপোড়েনে দীর্ঘদিন ধরে দেশের সিনেমা হলগুলো প্রায় স্থবির হয়ে পড়েছিল। অত্যাধুনিক মাল্টিপ্লেক্সের বাইরে বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিন হল বন্ধ হয়ে যায়। তবে এবার সেই বন্ধ সিনেমা হলগুলো আবার চালু হয়েছে।

সিনেমাটির নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন জানিয়েছেন, প্রথম সপ্তাহে দেশে ৮৩টি হলে ‘দরদ’ মুক্তি পাচ্ছে, যা দ্বিতীয় সপ্তাহে আরও বাড়ানো হবে। তার আশা, এই সিনেমা দিয়ে দেশের চলচ্চিত্র শিল্প আবারও ঘুরে দাঁড়াবে।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবির মুক্তি উপলক্ষে একটি ভিডিও বার্তায় সোনাল বলেন, “দার্দ ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ডওয়াইড। এটা মিস করবেন না। দ্রুত টিকিট বুক করুন এবং দুলু মিয়া ও ফাতেমার সুন্দর লাভ স্টোরির সাক্ষী হোন। আর হ্যাঁ, বাংলাদেশ, আমি তোমাদের ভালোবাসি।”

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবির হিন্দি নাম ‘দার্দ’। শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস এবং ভারতের এসকে মুভিজ।

শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে আসুন। আশা করছি, দরদ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়।”

শাকিব খানসহ সিনেমার অভিনয়শিল্পীরা ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া অভিনেতা শরীফুল রাজ, নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে ফেসবুকে ছবিটি নিয়ে পোস্ট করে দর্শকদের হলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি