এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভিক্টোরিয়া
২১ বছর বয়সী ভিক্টোরিয়া কেজার থিলভিগ মিস ইউনিভার্স ২০২৪ খেতাব জয় করেছেন। ডেনমার্কের এই সুন্দরী ১২৫ জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট নিজের মাথায় তুলেছেন। এটি ছিল ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স জয়।
মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্স-এ অনুষ্ঠিত হয়েছিল ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। প্রথম রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান এবং দ্বিতীয় রানার আপ হন নাইজেরিয়ার সিনদিমা আদেতশিনা। প্রথম পাঁচের মধ্যে আরও ছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে একটি বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী ছিল। এর পর সেমি-ফাইনালে প্রতিযোগীরা সাঁতারের পোশাকে মঞ্চে প্রদর্শনী করেন। ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন।
১২৫টি দেশ নিয়ে শুরু হওয়া এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। এটি ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী। ২০১৮ সালে ৯৪টি দেশ অংশ নিয়েছিল, যা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। মারিও লোপেজ এবং অলিভিয়া কুল্পো সঞ্চালিত এই অনুষ্ঠানটি লাইভ কমেন্টারি করেন ক্যাট্রিওনা গ্রে ও জ়ুরি হল।
























































