শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা
ছাত্র–জনতার আন্দোলনের চাপে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ভারতে অবস্থান থেকে তিনি বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন, যা দেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যদি শেখ হাসিনাকে আশ্রয় দিতেই থাকে, তবে এই ধরণের কার্যকলাপ চলতে থাকলে আরও অভিযোগ জানানো হবে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎকার নেওয়া হয়।
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের একটি বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. ইউনূস বলেন, “তিনি (শেখ হাসিনা) নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করছে। সুতরাং, আশ্রয়দাতা দেশও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া অন্য কিছু বলছে না।”
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া চলছে। তিনি দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে।
ভারতের সঙ্গে যৌথভাবে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে ড. ইউনূস বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার চেষ্টা করছে বর্তমান সরকার।
সাক্ষাৎকারে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, আগামী নির্বাচন, পরিবর্তিত কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
আগামী নির্বাচনের সঠিক সময় নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, এ প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “না, আমার মাথায় এমন কিছু নেই।”
















































