রপ্তানি আয়ের নতুন মাইলফলক: নভেম্বরে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার
গত নভেম্বরে রপ্তানি আয় হয়েছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।
ইপিবি’র পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট রপ্তানি হয়েছে ১,৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বছরের নভেম্বরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার। এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।
এই সময়ে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। হোমটেক্সটাইল খাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কিছুটা কমেছে।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে ১,৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য, যা প্রায় সাড়ে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

























































