সোমবার,৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন তারকার গোলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০২৪

তিন তারকার গোলেতিন তারকার গোলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট:

ছয় মহাদেশের ছয়টি চ্যাম্পিয়ন দল নিয়ে প্রথমবার আয়োজিত হয়েছে ‘ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ’। আর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে আরও একটি মহাদেশীয় শিরোপা জয় করেছে লস ব্লাঙ্কোরা।

এই ম্যাচে গোল করেন রিয়ালের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। যদিও গোল করার জন্য রিয়ালকে ৩৭ মিনিট অপেক্ষা করতে হয়। ভিনিসিয়ুসের পাস থেকে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন এমবাপ্পে।

এরপর ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বক্সের সামনে বল পেয়ে, পাচুকার রক্ষণভাগের খেলোয়াড়দের পরাস্ত করে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই তারকা।

আর ম্যাচের ৮৩ মিনিটে পাচুকার কফিনে শেষ পেরেক ঠুকেন ভিনিসিয়ুস। বক্সের মধ্যে লুকাস ভাসকেজকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে ফিফার বর্ষসেরা এই ফুটবলার দলের জয় নিশ্চিত করেন।

এটি ছিল রিয়ালের জন্য মৌসুমের পঞ্চম শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের পর এবার রিয়ালের শোকেসে যোগ হলো ইন্টারকন্টিনেন্টাল কাপ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি