উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক প্রকাশ
এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, এ এফ হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ এফ হাসান আরিফ ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল ছিলেন।
প্রধান বিচারপতি আরও জানান, এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। পরে ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর থেকে তিনি দেশের সর্বোচ্চ আদালতে নিরবচ্ছিন্নভাবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
তার মৃত্যুতে দেশের আইনের অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।






















































