শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কারচুপি নেই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে: উপদেষ্টা সালেহউদ্দিন


কারচুপি নেই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে: উপদেষ্টা সালেহউদ্দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০২৪


ডেস্ক রিপোর্ট:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগে মূল্যস্ফীতি আট বা নয় শতাংশে আটকে রাখা হলেও বর্তমানে কোনো ধরনের ‘কারচুপি’ ছাড়াই প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ করা হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সঠিক তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আগে তথ্য কারচুপি করে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে দেখানো হতো।

গত ১৫ বছরে তথ্য বিভ্রাটের কারণে বিদেশি বিনিয়োগকারীদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, টের পাচ্ছি কী ধরনের বিভ্রান্তির মধ্য দিয়ে আমরা চলেছি। মূল্যস্ফীতি ও জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের পেছনে অনিচ্ছাকৃত কিছু ভুল যেমন ছিল, তেমনি নীতিনির্ধারকদের ইচ্ছাকৃত তথ্য গোপন করার চেষ্টাও ছিল।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বারবার বাড়ানো হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশে, যা আগের মাসের ১০ দশমিক ৮৭ শতাংশ থেকে বেশি। অর্থাৎ, ২০২২ সালের নভেম্বরে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, ২০২৩ সালের নভেম্বরে তা কিনতে ব্যয় হয়েছে ১১১ টাকা ৩৮ পয়সা।

তথ্য বিভ্রাট প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো শক্তি প্রদর্শনের জন্য আসিনি; বরং দায়িত্ব নিয়ে সঠিক তথ্য প্রকাশ করছি। গত ১৫ বছরের বিভ্রান্তিকর তথ্যের কারণে দাতা সংস্থাগুলোর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমরা বোঝানোর চেষ্টা করছি, আগের তথ্যগুলো ছিল গোপন বা ভুল। বর্তমানে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকিং অ্যালমানাকের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়রুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। বক্তব্য রাখেন এবিবি চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সিকদার, এবিবির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, গ্রন্থটির নির্বাহী পরিচালক সৈয়দ জিয়া উদ্দিন আহমেদ ও আব্দার রহমান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি