শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: উপদেষ্টা জাহাঙ্গীর আলম
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই তাকে ফেরানো সম্ভব হবে।
এ সময় তিনি জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে।
সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে তিনি বলেন, “কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হবে না। তবে যারা অসুস্থ এবং মানবিক সহায়তার প্রয়োজন, শুধু তাদেরই আশ্রয় দেওয়া হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশের যে কথা বলেছেন, তা ‘স্লিপ অব টাং’। আসলে, গত দেড় থেকে দুই বছরের মধ্যে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
এ ছাড়া, কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, “যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”






















































