আন্দোলনে গুলিতে যুবকের চোখ হারানো: সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুমিল্লায় গুলিতে এক যুবকের একটি চোখ নষ্ট হয়ে গেছে। এছাড়া, তার পুরো শরীরে লেগেছে দেড় শতাধিক ছররা গুলি। এ ঘটনায় হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী চৌধুরী মুহাম্মদ আহাদ।
বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ গোলাম মোস্তফা নামের এক বিএনপি নেতা। আইনজীবী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
প্রধান আসামি আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি।
গুলিতে বাম চোখ হারানো যুবকের নাম মো. সাগর হোসেন (২১)। তিনি জেলার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের আবদুল মমিনের ছেলে। মামলার বাদী গোলাম মোস্তফা কুমিল্লা নগরের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি এবং একজন ফার্নিচার ব্যবসায়ী। মামলায় তিনি সাগরকে তাঁর দোকানের কর্মচারী হিসেবে উল্লেখ করেছেন।
মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলুকে। বাকি আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের পাশে বিক্ষোভ মিছিল চলছিল। সাগরও সেখানে অংশ নেয়। প্রধান আসামির (বাহার) নির্দেশে অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। ২ নম্বর আসামি আগ্নেয়াস্ত্র দিয়ে সাগরের বাম চোখ লক্ষ্য করে গুলি করে। এতে সাগরের চোখ এবং শরীরের বিভিন্ন অংশ ছররা গুলিতে বিদ্ধ হয়। ৩ নম্বর আসামি বুক লক্ষ্য করে গুলি ছোড়ে। এভাবে অন্যান্য আসামিরা সাগরসহ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
মামলার বাদী গোলাম মোস্তফা বলেন, “সাগর আমার দোকানে প্রায় ১০ বছর ধরে কাজ করে। সেদিন আসামিরা সাগরসহ আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে এভাবে হামলা চালিয়েছিল। আমরা হামলাকারীদের বিচার চাই। সাগরের একটি চোখ নষ্ট হয়ে গেছে। ছেলেটার পুরো শরীর ছররা গুলিতে ঝাঁঝরা। বলতে গেলে ছেলেটার জীবন শেষ।”
আইনজীবী চৌধুরী মুহাম্মদ আহাদ বলেন, “আদালত মামলাটি আমলে নিয়ে সাতদিনের মধ্যে এফআইআর করতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।

















































