শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন বছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এলো ৮৯৮৬ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০২৫

নতুন বছরের

নতুন বছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এলো ৮৯৮৬ কোটি টাকা

ডেস্ক রিপোর্টঃ

নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ১১ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ হাজার ৯৮৬ কোটি ৫২ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৮১৬ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে জানুয়ারির শেষে রেমিট্যান্সের পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আলোচিত সময়ে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার (২৬৩ কোটি ৯০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে। যা দেশীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাসে এর আগে কখনো এত বেশি রেমিট্যান্স আসেনি। করোনাকালে ২০২০ সালের জুলাই মাসে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা এবার ভেঙে গেছে ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের ডিসেম্বরে আসা ১৯৯ কোটি ১০ লাখ ডলারের তুলনায় ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি। এছাড়া, ২০২৪ সালের জুলাই মাস বাদে বাকি ১১ মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রবাসীরা এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৮০ কোটি ডলার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি