আতিফ আসলামের কণ্ঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির থিম সং
মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাত্র ১২ দিন বাকি। এই টুর্নামেন্টের মাধ্যমে দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তান আবারও বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজন করতে যাচ্ছে। সময় যত এগোচ্ছে, ততই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে উন্মাদনা ও আগ্রহ বাড়ছে।
এই টুর্নামেন্টকে সামনে রেখে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থিম সং প্রকাশ করেছে। এই থিম সংটি গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে থিম সংয়ের ভিডিও শেয়ার করে লিখেছে, ‘অপেক্ষার পালা শেষ! চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সং “জিতো বাজি খেল কে”। গেয়েছেন সুরের ওস্তাদ আতিফ আসলাম। এখন আপনার পালা এই গান গাওয়ার।’
১ মিনিট ৩৯ সেকেন্ডের এই থিম সংয়ের ভিডিওতে পাকিস্তানের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আইসিসি আশা করছে, এই গানটি রাস্তাঘাটের প্রাণচাঞ্চল্য, বাজারের কোলাহল এবং স্টেডিয়ামের উচ্ছ্বাস—সব জায়গাতেই ছড়িয়ে পড়বে। এছাড়াও, এটি বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর আবেগ ও চেতনাকে ধারণ করবে। গানটি এখন বিভিন্ন জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।
আতিফ আসলাম ছাড়াও এই থিম সং তৈরিতে আরও বেশ কয়েকজন পাকিস্তানি শিল্পী জড়িত রয়েছেন। গানটির প্রযোজক আবদুল্লাহ সিদ্দিকী, গীতিকার আদনান ঢুল এবং সঙ্গীত পরিচালক আসফান্দিয়ার আসাদ।
থিম সংয়ের অংশ হতে পেরে আতিফ আসলাম বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় খেলা। ছোটবেলা থেকেই আমি ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখতাম। এই খেলার প্রতি আমার গভীর ভালোবাসা থাকায় দর্শকদের উচ্ছ্বাস, আবেগ এবং অনুভূতিগুলো আমি খুব ভালোভাবে বুঝতে পারি। ভারত-পাকিস্তান ম্যাচের মতো রোমাঞ্চকর ও আবেগঘন ম্যাচগুলোর জন্য আমি সব সময়ই অধীর আগ্রহে অপেক্ষা করতাম। তাই চ্যাম্পিয়নস ট্রফির থিম সংয়ের অংশ হতে পারাটা আমার জন্য খুবই বিশেষ একটি মুহূর্ত।’
























































