
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা এক ভয়াবহ কালো যুগ অতিক্রম করেছি। ফ্যাসিস্ট সরকার আলেম-ওলামা, ছাত্র এবং নেতাকর্মীদের বিনা দোষে বছরের পর বছর কারাবন্দি করেছে। অনেককে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এখন তারা জামায়াত-শিবির নিষিদ্ধ করে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় জামায়াত-শিবির আজ সম্মানজনক অবস্থানে, আর ফ্যাসিবাদ জনগণের কাছে ঘৃণিত।”
শুক্রবার(১৮ এপ্রিল) সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “শহীদদের রক্তের ঋণ শোধ করতে বৈষম্যহীন সমাজ গঠনের মাধ্যমে ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত সেই লক্ষ্যেই কাজ করছে।”
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব আপনাদের। সুষ্ঠু নির্বাচন ও মানবতাবিরোধীদের বিচার নিশ্চিত করুন।”
সম্মেলনের প্রধান বক্তা, দলের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেন, “আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জালেমরা কখনো টিকে থাকতে পারেনি। আওয়ামী ফ্যাসিবাদও টিকবে না। চাঁদাবাজ, জুলুম ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের প্রতিটি কর্মী দৃঢ় সংকল্পে কাজ করে যাবে।”
তিনি বলেন, “ইসলামী রাষ্ট্রে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ইতিহাস ও বাস্তবতা জানে না। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শাসনব্যবস্থা এর প্রকৃষ্ট উদাহরণ।”
সম্মেলনে সভাপতিত্ব করেন লাকসাম পৌর আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ এবং উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহাজাহান, কুমিল্লা-৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চাঁদপুর-২ আসনে প্রার্থী ডা. আব্দুল মুবীন, কুমিল্লা-৮ আসনের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সাবেক ছাত্রশিবির সভাপতি মু. ইয়াছিন আরাফাত প্রমুখ।
সম্মেলনে ড. সরওয়ার ছিদ্দিকী লাকসামকে জেলা ঘোষণা, “নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” স্থাপন, ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল, লাকসাম-নারায়ণগঞ্জ নতুন রেলপথ, চার লেনে উন্নীতকরণসহ একাধিক অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।
সম্মেলনের শেষাংশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা অঞ্চলের সকল আসনে জামায়াতের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, “আমরা সংসদে গেলে ইনশাআল্লাহ এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে।”

















































