অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের পুরোনো অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “এই নতুন বাংলাদেশ তখনই সত্যিকারের নতুন হবে, যখন শ্রমিকদের অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। আমাদের প্রথম পদক্ষেপ হতে হবে শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন করা। এরপর ধাপে ধাপে সব সুপারিশ পুরোপুরি কার্যকর করতে হবে।”
তিনি এ কথা বলেন মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” স্লোগানকে প্রতিপাদ্য করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচজন শ্রমিকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হাংবোর একটি ভিডিও বার্তাও প্রদর্শিত হয়।


















































