বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আয়কর রিটার্ন নিয়ে কঠোর হচ্ছে এনবিআর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২৫


ডেস্ক রিপোর্ট:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকি দেওয়া বা কর অব্যাহতি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। যারা আয়কর রিটার্ন জমা দেন না বা কর আদায়ে গাফিলতি করেন, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান রোববার রাজধানীতে এক সেমিনারে এ ঘোষণা দেন।

বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে আগামী বাজেটে রাজস্ব খাত ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এফআইসিসিআই, আইসিএবি ও জেবিসিসিআই যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ ও স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।

এনবিআর চেয়ারম্যান বলেন, “দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কর অব্যাহতি দেওয়া হচ্ছে। প্রতি বছর আদায়কৃত রাজস্বের সমপরিমাণ অর্থ কর ছাড়ের কারণে হারানো হচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, টিআইএন থাকা সত্ত্বেও অনেকেই রিটার্ন জমা দেন না, যা নিয়মিত করদাতাদের ওপর চাপ সৃষ্টি করে। এ অবস্থার অবসানকল্পে নন-ফাইলারদের (যারা রিটার্ন জমা দেন না) কাছ থেকে কর আদায়ের জন্য কর কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

তিনি জানান, এনবিআরের ৯২% রাজস্ব স্বয়ংক্রিয়ভাবে টিডিএসসহ বিভিন্ন মাধ্যম থেকে আসে। কর কর্মকর্তারা মাত্র ৮% রাজস্ব সরাসরি আদায় করেন। নতুন এই ব্যবস্থায় কর্মকর্তাদের দক্ষতা যাচাইও সম্ভব হবে।

আবদুর রহমান সরকারের ঋণের বোঝার কথা তুলে ধরে বলেন, “সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের চাপ রয়েছে। এ অবস্থায় কর অব্যাহতি দিয়ে টিকে থাকা সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন, অনেক ক্ষেত্রেই সঠিক নিয়ম মেনে কর ছাড় দেওয়া হয়নি। নতুন কর নীতিতে সংসদকে এ বিষয়ে সক্ষমতা দেওয়া হবে।

আগামী বাজেটে ব্যবসায় সহায়ক পরিবেশ তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনেও জোর দেওয়া হবে বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি