শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় আটক ১০৭ বাংলাদেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২৫


ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় ‘টার্গেটেড স্ট্রাইক অপারেশন’ চালিয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ ১০৭ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। গত বুধবার (৭ মে) মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া এই বিশেষ অভিযানে অন্যান্য দেশের ৫৫ জন অবৈধ অভিবাসীও আটক হয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, কুয়ালালামপুরের জালান কুচিং এলাকার একটি কনডোমিনিয়াম নির্মাণস্থলে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০০ বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৬০ জনকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৪১ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক রয়েছেন।

তিনি আরও জানান, এক সপ্তাহের গোয়েন্দা তদন্তের পর এই অভিযান চালানো হয়। তদন্তে জানা গেছে, কনডোমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। ২৫ থেকে ৫০ বছর বয়সী আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই দিনে পেরাক রাজ্যের ইপোহ এলাকার বার্চামের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে আরও ৯২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি, ৯ জন নেপালি, ৪ জন মিয়ানমার, ১২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। আটককৃত সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি