শুক্রবার,২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম অনামিকা দেবনাথ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০২৫


হাবিবুর রহমান মুন্না:

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার অনামিকা দেবনাথ। তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী। মোট ১৩০০ নম্বরের পরীক্ষায় অনামিকা পেয়েছেন ১২৬৪ নম্বর।

অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। পড়ালেখার জন্য তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজে আবাসিকভাবে অবস্থান করতেন।

অনামিকার বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা বীণা দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন অনামিকা। তিনি জানান, “সপ্তম শ্রেণি থেকে আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়ছি। এবার এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়েছি। আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার শিক্ষকদের। তারা না থাকলে এতদূর আসা সম্ভব হতো না।”

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অনামিকা বলেন, “আমি বড় হয়ে কিছু করতে চাই। গবেষণা-ভিত্তিক কাজ করতে ভালো লাগে, তাই ভবিষ্যতে নিজেই একজন উদ্যোক্তা হতে চাই।”

সফলতার পেছনের মূল চাবিকাঠি হিসেবে অনামিকা নিজের আত্মবিশ্বাস এবং নিয়মিত পড়াশোনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমি নিয়ম করে পড়াশোনা করতাম। সকালে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান পড়তাম, বিকেলে স্কুলের কাজগুলো শেষ করতাম আর রাতে যেসব বিষয়ে সমস্যা ছিল, সেগুলো নিয়ে পড়তাম।”

পড়াশোনার পাশাপাশি অনামিকার রয়েছে কবিতা আবৃতির প্রতি ভালোবাসা। এই শখটিকে ভবিষ্যতে আরও গভীরভাবে লালন করার ইচ্ছাও রয়েছে তার।

মেয়ের সাফল্যে গর্বিত অনামিকার মা বীণা দেবনাথ বলেন, “আমার মেয়ের এই অর্জনে সবচেয়ে বড় অবদান তার শিক্ষকদের। কারণ সে শুরু থেকেই ক্যাডেট কলেজে থেকে পড়াশোনা করেছে। আমি চাই, সে বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করুক, দেশের সেবা করুক।”

প্রসঙ্গত, এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯,৯০২ জন শিক্ষার্থী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি