সোমবার,১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না : দীপু মনি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০২৫


ডেস্ক রিপোর্ট:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। তবে নিজের বেশি সম্পদে বিব্রত হয়ে তিনি বলেন, যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না।

এদিন ১২ টা ৩৩ মিনিটে দীপু মনিকে আদালতে তোলা হয়।

এসময় হেলমেট, বুলেটপ্রুভ জ্যাকেট পরানো ছিল। এরপর কাঠগড়ায় তোলা হলে ১২ টা ৩৭ মিনিটে দীপু মনি নিজে হেলমেট খুলে ফেলেন। ১০ টা ৫৭ মিনিটে বিচারক এজলাসে উঠেন। তখন দীপু বেঞ্চ থেকে উঠে দাঁড়ান।

এরপর ফের তিনি বেঞ্চে বসেন। ১ টা ৪ মিনিটে দুদক জিআর বলে ডাক দেন। তখন দীপু মনি বেঞ্চ থেকে উঠে কাঠগড়ার সামনে এসে দাঁড়ান।
এরপর শুনানি শুরু হয়।

শুনানির এক পর্যায়ে দীপু মনি বিচারককে উদ্দেশ্যে করে বলেন, আমি নিয়মিত করদাতা। আমার রিটার্নে সম্পত্তির সব বিবরণ রয়েছে। তবে আমার যে ২৮টি অ্যাকাউন্ট দেখানো হচ্ছে, সেগুলো তো আমি জানি না। আমার জানা মতে, ৬টি অ্যাকাউন্ট আছে। যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না।

আমার সব মিলিয়ে ৬-৭ কোটি টাকার সম্পদ হবে। এতো সম্পদ অসম্ভব। আমি জানতে চাই, কোন তথ্যের ভিত্তিতে এতো সম্পদ দেখানো হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, আমি কোনো তথ্য উপাত্ত পাচ্ছি। তথ্য ছাড়া তো মামলা মোকাবেলায় আমার কোনো শক্তি নেই। গত ১১ মাস জেলে রয়েছি। মাত্র দুদিন আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তাছাড়া জেলে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। পরে শুনানি শেষে ১ টা ১৫ মিনিটে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর পুলিশ সদস্যরা তাকে হেলমেট পরিয়ে দেন। কিছুক্ষণ পর পুলিশ প্রহরায় তাকে হাজতখানায় নেওয়া হয়। তখন তিনি নিশ্চুপ ছিলেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামী তৌফীক নাওয়াজের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দীপু মনির বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

অপরদিকে তৌফীক নাওয়াজের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছে বলে এজাহারে বলা হয়েছে।

বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো দীপু মনিও প্রকাশ্যে ছিলেন না। সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অগাস্ট সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে একাধিক মামলায় দীপু মনিকে রিমান্ডে নিয়েও কয়েকদফা জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের আগস্টে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি